জাতীয় প্রেস ক্লাবে ‘শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

হ-বাংলা নিউজ:

জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়ার সভাপতিত্বে মঙ্গলবার দুপুরে গণশক্তি সভার উদ্যোগে ‘শাসন ব্যবস্থায় গুণগত পরিবর্তন ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না চলমান সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সমালোচনা করেন। এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে বেশ কিছু পরামর্শও প্রদান করেন।

মান্না বলেন, শাসন ও ক্ষমতার পরিবর্তন আনতে সচিবালয় থেকে শুরু করে ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত ব্যাপক সংস্কার প্রয়োজন। তবেই কোনো পরিবর্তনের সুফল পাওয়া যাবে, না হলে এ পরিবর্তন অর্থহীন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমান খুব কম সময়ের মধ্যে সংবিধান পরিবর্তন করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন, তবে এখন কেন জনগণের মতামতের বিপরীতে সংবিধান পরিবর্তন করা যাবে না? জনগণের ম্যান্ডেট অবশ্যই মেনে নিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো দলের ইচ্ছায় নয়, বরং সরকারের নির্দেশনায় বসেছে। কিছু দল এই সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিচ্ছে, যা অযৌক্তিক। তিনি আরও বলেন, এই সরকার ক্ষমতা ধরে রাখতে আসেনি এবং তারা এটি ধরে রাখতে পারবে না। বরং প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের আয়োজন করছে। তবে সংস্কার ছাড়া গণহত্যার বিচারও জরুরি, কারণ রাজনৈতিক সরকারের অধীনে এই বিচার সঠিকভাবে হবে না।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের দুর্নীতি, লুটপাট, অর্থপাচার ও গণহত্যায় জড়িতদের বিচার করা এবং রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা। অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা বিপ্লবের ব্যর্থতা হবে, তাই এই সরকারকে সফল করতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করা প্রয়োজন।

গণশক্তি সভার সভাপতি সাদেক রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আমিনুল করিম। প্রবন্ধকার ছিলেন বিশিষ্ট আইনজীবী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ। সভায় আরও বক্তব্য রাখেন বীর প্রতীক কর্নেল (অব.) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফেরদৌস আজিজ, মেজর (অব.) রেজাউল হান্নান শাহীন, সুপ্রিম কোর্টের আইনজীবী হাবিবুর রহমান, সাংবাদিক কাজী ফারুক, বিশিষ্ট লেখক ও গবেষক আলাউদ্দিন কামরুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *