হ-বাংলা নিউজ:রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যাকাণ্ডের ঘটনায় মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এবং ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকার মহানগর হাকিম এম. এ আজহারুল ইসলাম এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌসুলি (পিপি) এডভোকেট ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিন তাদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়, যেখানে ডিবি পুলিশ তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট, রুবেলসহ কয়েকশ ছাত্র-জনতা আদাবর থানাধীন রিংরোড এলাকায় সকাল ১১ টার দিকে প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ এবং মৎসজীবী লীগের নেতাকর্মীরা গুলি চালায়। এতে রুবেল গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় রুবেলের বাবা রফিকুল ইসলাম ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি দায়ের করেন।
