প্রায় সাত বছর পর ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে

হ-বাংলা নিউজ: ঢাকা ও করাচির মধ্যে প্রায় সাত বছর পর সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। পাকিস্তানের ‘ফ্লাই জিন্নাহ’ নামক এয়ারলাইনস এই রুটে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে।

শেষবার ২০১৮ সালে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) পরিচালনা করত।

বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ারভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া সংবাদমাধ্যমকে জানান, পাকিস্তান আমাদের কাছে আবেদন করেছিল এবং আমরা প্রায় দুই সপ্তাহ আগে তাদের আবেদন অনুমোদন করেছি।

তিনি আরও বলেন, পাকিস্তান এখন তাদের স্থানীয় প্রতিনিধি নিয়োগ করবে, এরপর তারা স্লট ও ফ্রিকোয়েন্সির জন্য আমাদের কাছে আবেদন করবে। আমাদের দিক থেকে এখন আর কোনো কাজ বাকি নেই।

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট শুরু হতে কত সময় লাগবে জানতে চাইলে বেবিচক চেয়ারম্যান বলেন, এটি পুরো প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ওপর নির্ভর করছে।

পাকিস্তানের হাই কমিশনার আহমদ মারুফ গত ২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ‘পারস্পরিক সম্পর্ক ও ব্যবসায়িক স্বার্থে’ দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার গুরুত্ব তুলে ধরেছিলেন।

ঢাকা থেকে করাচির দূরত্ব প্রায় ২,৩৭০ কিলোমিটার। সরাসরি ফ্লাইট না থাকার কারণে বিমানগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমে ট্রানজিট করতে হত পাকিস্তানে পৌঁছানোর জন্য। ট্রানজিট ফ্লাইটের কারণে ২০১৯ সালে ৫০ থেকে ৫৫ হাজার টাকার ভাড়া এখন এক লাখ টাকারও বেশি হয়ে গেছে।

ঢাকা থেকে করাচি যাওয়ার জন্য গড়ে আট থেকে ১২ ঘণ্টা সময় লাগে। কিছু কিছু এয়ারলাইন্সে ১৮ থেকে ২২ ঘণ্টাও সময় লাগে।

এই রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন টিকিটের ভাড়া ৮৫ হাজার থেকে এক লাখ ২০ হাজার টাকার মধ্যে হয়ে থাকে। তবে ঢাকা থেকে সরাসরি করাচির ফ্লাইট চালু হলে ভাড়া কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *