শেখ হাসিনা ভারতে নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, তা জানে না অন্তর্বর্তী সরকার

হ-বাংলা নিউজ:

শিক্ষার্থী ও জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা—সে বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির নাগরিকত্ব গ্রহণ করেছেন কিনা, সে তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই। পাশাপাশি, তার বর্তমান স্ট্যাটাসও ভারতের সরকার বিবেচনা করছে, যা তাদের বিষয়।

এর আগে, ৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, তিনি (শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো) সংবাদপত্রের মাধ্যমে জানতে পেরেছেন। তিনি আরও বলেন, ‘‘আমাদের কী করার আছে?’’

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পাঠানো চিঠির বিষয়ে উপদেষ্টা জানান, এখনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো জবাব আসেনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা ভারতের কাছ থেকে চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নিবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যা, গুম-ক্রসফায়ার, পিলখানা হত্যাকাণ্ড ও শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং আসামিদের ১২ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।

এদিকে, গুম এবং জুলাই-আগস্টে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে গুমের অভিযোগে ২২ জন এবং জুলাই মাসের হত্যাকাণ্ডে জড়িত ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর আগে, পতিত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।

লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর ভারত সরকার শেখ হাসিনাকে ট্রাভেল পাস প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *