জান্নাত আরা হেনরীর ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি ও ৫৭ কোটি টাকার অবরুদ্ধের আদেশ

হ-বাংলা নিউজ:

সিরাজগঞ্জ-২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর জমি, ফ্ল্যাটসহ ৪৫টি স্থাবর সম্পত্তি, ১৬টি গাড়ি, ১৯টি ব্যাংক হিসাবে থাকা প্রায় ৫৭ কোটি টাকা এবং যৌথ মালিকানাধীন ৪টি কোম্পানির এক কোটি ৩৪ লাখ টাকার ওপর অবরুদ্ধের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এসব সম্পত্তি ক্রোক করার আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর রেজাউল করিম রেজা শুনানি করেন। পরে বিচারক আবেদন মঞ্জুর করেন।

দুদক সূত্রে জানা যায়, জান্নাত আরা হেনরী ও তার স্বামী শামীম তালুকদারের ৪৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩ হাজার ৮৯৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। একইসঙ্গে প্রায় ৭৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণও মিলেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর অনুসন্ধানে। এসব অভিযোগে তাদের বিরুদ্ধে গত ২৩ ডিসেম্বর পৃথক দুটি মামলা দায়ের করে দুদক। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ বাদী হয়ে মামলা দুটি করেন।

হেনরীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ২০ আগস্ট থেকে শুরু হয়। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ নভেম্বর জান্নাত আরা হেনরী, তার স্বামী ও মেয়ের দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১ অক্টোবর মৌলভীবাজার থেকে তার স্বামীসহ গ্রেফতার হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *