তাবলিগ জামাতের কার্যক্রম ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সরকারের নতুন নির্দেশনা

হ-বাংলা নিউজ:

সরকার তাবলিগ জামাতের কার্যক্রম পরিচালনা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা প্রকাশ করে। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এতে বলা হয়েছে, জেলা ও উপজেলা পর্যায়ে মাওলানা মোহাম্মদ জুবায়ের এবং মাওলানা সা’দের অনুসারীরা তাদের নিজ নিজ তাবলিগি মারকাজে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে কার্যক্রম চালিয়ে যাবেন। একপক্ষ অন্যপক্ষের মারকাজে কোনো ধরনের বাধা সৃষ্টি বা বিশৃঙ্খলা করার বিষয়ে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে, ২৬ ডিসেম্বর দুই পক্ষের সংঘাতের কারণে মাওলানা সাদপন্থীদের কাকরাইল মসজিদে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। একইভাবে, জুবায়েরপন্থীদের কাকরাইল মসজিদের আশপাশে বড় জমায়েত থেকে বিরত থাকতে বলা হয়েছিল।

উল্লেখযোগ্য, আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এর আগে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে চলমান বিভেদ ও দ্বন্দ্ব বর্তমানে আরও তীব্র হয়েছে।

একপক্ষ অন্যপক্ষকে বাতিল বলে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। গত ১৭ ডিসেম্বর ভোরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *