জুলাই-আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থানে’ শহিদদের তালিকা আগামী সোমবারের মধ্যে পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে

হ-বাংলা নিউজ: আগামী সোমবারের মধ্যে ‘জুলাই-আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থানে’ শহিদদের তালিকা তৈরি করে পরবর্তী ক্যাবিনেটে পাঠানো হবে। তবে এ তালিকা চূড়ান্ত নয়, কারণ তথ্য যাচাই-বাছাই এবং ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আরও শহিদের তথ্য পাওয়া গেলে তা এই তালিকায় যুক্ত করে ক্যাবিনেটে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুলাই-আগস্ট ২০২৪ গণ-অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার চিকিৎসা ও শহিদের পরিবারের পুনর্বাসন বিষয়ক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় গণ-অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা খন্দকার জহিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮৫৯ জন শহিদের ভেরিফায়েড তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ডিপার্টমেন্ট থেকে পাওয়া গেছে। তবে এটি চূড়ান্ত নয় এবং এ ব্যাপারে কাজ চলছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান জানান, হাসপাতালে আহত রোগীদের খাবারের মানোন্নয়নে বরাদ্দ বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তিনি আশা করেন, এই বরাদ্দ বৃদ্ধির ফলে খাবারের মানে দৃশ্যমান উন্নতি হবে। এছাড়া, সব হাসপাতালের পরিচালকদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো অবস্থাতেই রোগীরা নিজের টাকা খরচ করে চিকিৎসার জন্য কিছু না কিনে।

সভায় শহিদ ও আহতদের তালিকা চূড়ান্তকরণ, শহিদের পরিবার ও আহতদের পুনর্বাসন, পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে দায়িত্ব বণ্টন এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

এ সময় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, এ পর্যন্ত ৫২৫ শহিদ পরিবারের সদস্য এবং ১ হাজার ৪১০ আহত ব্যক্তিকে ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *