আগামী বছরেই একটি রাজনৈতিক সরকার দেখতে পাবেন দেশের মানুষ: অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

হ-বাংলা নিউজ: পরিকল্পনা ও অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, দেশের মানুষ আগামী বছর একটি রাজনৈতিক সরকার দেখতে যাবে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে ঢাকার একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এবিসিডি সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এ কথা জানান।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বর্তমানে দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক ও আয় বৈষম্য। এই বৈষম্য কমানোর জন্য মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা জরুরি, কিন্তু বাংলাদেশ এখনো এ লক্ষ্যে অনেকটা দূরে রয়েছে।

তিনি আরও বলেন, “তবে, উন্নত দেশে থাকা সুযোগ-সুবিধা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা চলছে এবং অনেক দেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।”

এ সময় বিশ্বব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ ইন্দরমিত এস গিল মধ্যম আয়ের ফাঁদ থেকে মুক্তি পেতে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়ে অধিক মনোযোগ দেয়ার পরামর্শ দেন। তিনি বলেন, উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

বিশ্বব্যাংক মনে করছে, মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। ইন্দরমিত গিল আরও বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে কৌশলী হতে হবে। পাশাপাশি সেবা এবং উৎপাদিত পণ্যের মূল্য সংযোজন বাড়ানোর জন্য বাংলাদেশকে উদ্যোগ নিতে হবে।

এছাড়া, সেমিনারে বিশ্বব্যাংক পরামর্শ দিয়েছে যে, দেশের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *