ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট, ফোনালাপের ভিডিও ভাইরাল

হ-বাংলা নিউজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবৌ সুবিয়ান্তো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ট্রাম্পের সঙ্গে ফোনালাপের একটি ভিডিও পোস্ট করেছেন তিনি, যা দ্রুত ভাইরাল হয়ে যায়।

সাবেক প্রেসিডেন্ট জোকো উইদাদোর বিদায়ের পর গত সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন প্রাবৌ সুবিয়ান্তো। ক্ষমতা গ্রহণের পর তার প্রথম বিদেশ সফর ছিল বেইজিং, এবং সেখান থেকে সোমবার তিনি ওয়াশিংটনে আসেন।

মঙ্গলবার স্থানীয় সময়, ওয়াশিংটনে পৌঁছানোর পর সুবিয়ান্তো তার মোবাইল ফোন থেকে ট্রাম্পকে ফোন করেন। তিনি বলেন, “আপনি যেখানেই থাকুন, আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে গিয়ে অভিনন্দন জানাতে চাই, স্যার।”

জবাবে ট্রাম্প বলেন, “বেশ, তাই হোক। আপনি যখন খুশি (আমার কাছে) আসতে পারেন।”

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে, সুবিয়ান্তো সোমবার ওয়াশিংটনে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করার জন্য গিয়েছেন। তবে ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ করার বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি।

ফোনালাপে, সদ্য সমাপ্ত নির্বাচনের প্রসঙ্গে ট্রাম্প সুবিয়ান্তোকে বলেন, “আমরা ব্যাপকভাবে সাফল্য পেয়েছি। দলীয় লোকজন বলছেন, গত ১০০ বছরে এমন জয় আর দেখা যায়নি।”

এছাড়া, ট্রাম্প ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে তার খুব সম্মান জানানোর কথা বলেন এবং প্রাবৌ’র ইংরেজিরও প্রশংসা করেন।

ইন্দোনেশিয়ার সাবেক সেনা কর্মকর্তা ও বিশেষ বাহিনীর কমান্ডার প্রাবৌ সুবিয়ান্তো জবাবে বলেন, “এটা সবই মার্কিন প্রশিক্ষকদের কৃতিত্ব, স্যার। আমি বহুবার প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে এসেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *