ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত ‘সেলিম-আলী’ প্যানেল বাংলাদেশ সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ডিসেম্বরে

হ-বাংলা নিউজ:

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ডিসেম্বরের শেষ সপ্তাহে।

দ্বি-বার্ষিক নতুন কমিটির মেয়াদকাল হবে ২০২৫-২০২৬ এবং নতুন বছরের প্রথম দিন থেকে অর্থাৎ ২০২৫ সালের পহেলা জানুয়ারী থেকে সোসাইটির সদ্য অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের দায়িত্বকাল শুরু হবে। সোসাইটি সূত্রে এসব তথ্য জানা গেছে। এদিকে নির্বাচন কমিশন অফিসিয়াল ফলাফল ঘোষণা করেছে। অপরদিকে নির্বাচনের পর থেকে কমিউনিটির সর্বত্রই ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত হচ্ছেন পূর্ন প্যানেলে জয়ী ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা। খবর ইউএনএ’র।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির দ্বি- বার্ষিক নির্বাচন গত ২৭ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ‘সেলিম-আলী’ প্যানেল প্রতিদ্বন্দ্বি ‘রুহুল-জাহিদ’ প্যানেলকে পরাজিত করে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। নির্বাচন কমিশন বুধবার (৬ নভেম্বর) সোসাইটি অফিসে অফিসিয়াল ফলাফল ঘোষনা করে। প্রধান নির্বাচন কমিশনার জামাল আহমেদ জনি নির্বাচনী ফল ঘোষণার পাশপাশি বিজয়ী প্রার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এসময় নির্বাচন কমিশনের সদস্যরা ছাড়াও সোসাইটির কর্মকর্তা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী, সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এদিকে ২০২৫ সালের পহেলা জানুয়ারী থেকে সোসাইটির নতুন কমিটির দায়িত্বকাল শুরু হবে। এজন্য চলছে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া। ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দায়িত্ব হস্তান্ত হতে পারে বলে জানিয়েছেন সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী। তিনি ইউএনএ প্রতিনিধিকে বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে নতুন কমিটির কাছে দায়িত্ব হাস্তান্তর করতে চাই। এজন্য প্রস্তুতি চলছে। তবে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে দায়িত্ব হস্তান্তর হতে পারে বলে জানান তিনি। অচিরেই সোসাইটির কার্যকরী পরিষদের সভায় নতুন কমিটির কাছে দায়িত্ব হাস্তান্তরে দিন-তারিখ ঠিক করা হবে।

সোসাইটির কার্যকরী পরিষদের নিয়মিত মাসিক সভা না হওয়া প্রসঙ্গে সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী বলেন, আমরা সবাই কমবেশী নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম তাই কার্যকরী পরিষদের সভা হয়নি।

অপরদিকে নির্বাচনে বিজয় লাভের পর ‘সেলিম-আলী’ প্যানেলের প্রার্থীরা কমিউনিটির সর্বত্রই ফুলেল শুভেচ্ছায় অভিনন্দিত হচ্ছেন। নবনির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ মোহাম্মদ আলী সহ প্যানেলের অন্যান্য জয়ী প্রার্থীরা যেখানেই যাচ্ছেন সেখানেই ফুলেল শুভেচ্ছায় ভাসছেন। ইতিমধ্যেই জ্যামাইকাবাসী ও ব্রঙ্কসবাসী বাংলাদেশীরা অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ‘সেলিম-আলী’ প্যানেলকে শুভেচ্ছা জানিয়েছেন, জ্যামাইকা, ব্রঙ্কস আর নর্থ জ্যামাইকার নির্বাচন পরিচালনা কমিটি বিজয় উৎসব করেছে।

আগামী ১১ নভেম্বর সোমবার ‘সেলিম-আলী’ প্যানেলের ‘কৃতজ্ঞতা প্রকাশ’ এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে বিজয় উৎসবের আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যা ৬টায় নিউইয়র্ক সিটির উডসাইডের তিব্বত কমিউনিটি সেন্টারে এই বিজয় উৎসব অনুষ্ঠিত হবে।

বার্তা প্রেরক:

সালাহউদ্দিন আহমেদ

ইউএনএ, নিউইয়র্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *