চরের উন্নয়নই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে প্রধান পদক্ষেপ” – এএফ হাসান আরিফ

হ-বাংলা নিউজ:স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, “জুলাই আন্দোলনে প্রায় ২ হাজার মানুষ শহিদ হয়েছেন বৈষম্য দূর করার জন্যই। সেই চেতনাকে ধারণ করে, যদি আমরা দেশ থেকে বৈষম্য দূর করতে চাই, তাহলে চরের উন্নয়নের দিকে বিশেষ মনোযোগ দিতে হবে। কারণ, চরের মানুষ এখনো অনেক পিছিয়ে আছেন।”

তিনি আরও বলেন, “চরের উন্নয়ন মানে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অংশ।”

রোববার দ্য মেকিং মেকারস ওয়ার্ক ফর দ্য চরস (এম ফোর সি) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এএফ হাসান আরিফ এসব কথা বলেন।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং সুইস কন্ট্রাক্ট যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংলি, প্রকল্প পরিচালক আব্দুল মজিদ প্রামাণিক, এবং সুইস কন্ট্রাক্টের টিম লিডার আব্দুল আউয়াল প্রমুখ।

উপদেষ্টা হাসান আরিফ আরও বলেন, “দেশের চরগুলোর প্রায় ৭৫ শতাংশ জমিতে এখনও চাষাবাদ হচ্ছে না। এই জমিগুলোতে বিপুল সম্ভাবনা রয়েছে, যা সঠিকভাবে কাজে লাগালে দেশের কৃষির উন্নয়ন ত্বরান্বিত হতে পারে।”

এ অনুষ্ঠানে জানানো হয়, এম ফোর সি প্রকল্পটি ২০১২ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সরকারের সহযোগিতায় এবং সুইস দূতাবাসের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির সমাপ্তির পরও এর কার্যক্রম আরডিএ’র মাধ্যমে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *