পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়ায় ঐতিহাসিক জয়, কমলা হ্যারিসকে পরাজিত করে ট্রাম্পের ফিরে আসা

হ-বাংলা নিউজ: মার্কিন নির্বাচনে ঐতিহাসিক জয়ের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন মসনদে ফিরছেন। পেনসিলভানিয়া, নর্থ ক্যারোলাইনা ও জর্জিয়াসহ গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলো দখল করে কমলা হ্যারিসকে পরাজিত করেছেন তিনি। এখন শুধু ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময়ের অপেক্ষা।

মঙ্গলবার রাতে ভোটের ফলাফল আসতে শুরু করায় বেশ কিছু বলিউড সেলিব্রিটি তাদের প্রতিক্রিয়া জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়েছেন। তাদের মধ্যে ছিল বলিউড অভিনেত্রী এবং রাজনীতিবিদ কঙ্গনা রানাওয়াত, যিনি এক ইন্টারনেটে ভাইরাল হওয়া ‘সেরা মিম’ শেয়ার করেছেন। মিমটিতে ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ককে গেরুয়া পোশাক পরিহিত অবস্থায় একসঙ্গে দেখানো হয়েছে, যা AI প্রযুক্তি দ্বারা তৈরি। কঙ্গনা তার এক্স হ্যান্ডেলে ছবিটি শেয়ার করে লেখেন, “আজ ইন্টারনেটের সেরা মিম। অভিনন্দন ডোনাল্ড ট্রাম্প!”

এদিকে, চলতি বছরের শুরুর দিকে পেনসিলভেনিয়ার একটি সমাবেশে ট্রাম্পের ওপর হামলা হয়েছিল, যার ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন কঙ্গনা। তিনি লিখেছেন, “আমি যদি তখন আমেরিকায় থাকতাম, তবে ট্রাম্পকেই ভোট দিতাম। গুলি খাওয়ার পর তিনি যেভাবে দাঁড়িয়ে ভাষণ শেষ করেছেন, সেটা এক কথায় ‘টোটাল কিলার’।”

কঙ্গনা হ্যারিসের প্রচারে সেলিব্রিটিদের উপস্থিতি নিয়ে কটাক্ষ করে লিখেছেন, “আপনি কি জানেন, যখন এই ক্লাউনরা কমলা হ্যারিসকে সমর্থন করেছিল, তখন তার রেটিং মারাত্মকভাবে কমে গিয়েছিল? মানুষ ভাবছিল যে, তিনি এই ধরনের লোকেদের সঙ্গে থাকলে তুচ্ছ, চঞ্চল এবং অবিশ্বস্ত হতে বাধ্য।”

কমলা হ্যারিসের পরাজয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন হিন্দিতে লেখেন, “হেরে গেলে কী হবে? আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করেছি। আমরা যদি জিততে থাকতাম, তাহলে কীভাবে আমরা আমাদের লক্ষ্য স্থির করতে পারতাম!”

এছাড়া, কাশ্মীর ফাইলস ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী টুইটারে লেখেন, “ভারতীয় প্রেক্ষাপটে আমি ডানপন্থী, কিন্তু যারা গর্ভপাতের অধিকারের বিরোধিতা করে এবং বন্দুকের সমর্থক, তাদের আমি কখনই সমর্থন করতে পারি না। বাকি সব ঠিকঠাক আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *