আগামী বছরের অমর একুশে বইমেলাকে মানসম্পন্ন ও গ্রহণযোগ্য করতে ১৬ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছে বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি

হ-বাংলা নিউজ:

বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির নেতারা জানান, বাংলা একাডেমি গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাই তারা দালাল প্রকাশক ও লেখকদেরকে কমিটি থেকে বাদ দেওয়ার প্রস্তাব করছেন।

রোববার সকালে, সমিতির নেতারা বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের কাছে লিখিতভাবে ১৬ দফা প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনাগুলোতে উল্লেখ করা হয় যে, অমর একুশে বইমেলা ২০২৫-এর মূল থিম হবে জুলাইয়ের গণ-অভ্যুত্থান। তারা মেলায় ৫০ শতাংশ স্টল ভাড়া কমানোর পাশাপাশি সব স্টল একই ধরনের প্যাটার্নে তৈরি করার প্রস্তাব দেন।

এছাড়া, মেলা কমিটিসহ বিভিন্ন কমিটিতে প্রকাশক প্রতিনিধিদের সমানুপাতিক হারে অন্তর্ভুক্তির পাশাপাশি সাংস্কৃতিক সংগঠন বা সরকারি প্রতিষ্ঠান থেকে প্রতিনিধির সংখ্যা কমানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এ সময় বৈষম্যবিরোধী সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি সাঈদ বারী, সাধারণ সম্পাদক দেলোয়ার হাসান, সিনিয়র সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি রাজিয়া রহমান, এবং যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল হক শাহজী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *