৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, তার আগে ফক্স নিউজে সাক্ষাৎকার দিলেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস

হ-বাংলা নিউজ: আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এর তিন সপ্তাহ আগে রক্ষণশীলদের দিকে ঝুঁকে থাকা টিভি চ্যানেল ফক্স নিউজকে সাক্ষাৎকার দেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। সাক্ষাৎকারটি নেন ব্রেট বেয়ার।

অর্ধ ঘণ্টার এই সাক্ষাৎকারে দুপক্ষের মধ্যে বেশ উত্তপ্ত বাক্যবিনিময় হয়। হ্যারিসকে জিজ্ঞেস করা হয়, প্রেসিডেন্ট হলে তিনি দেশ কীভাবে চালাবেন। এর উত্তরে কমলা জানান, তিনি ‘বাইডেনের নীতিতে’ হাঁটবেন না।

সাক্ষাৎকারে অভিবাসন নীতি বারবার উঠে আসে। ব্রেট অভিবাসনের প্রসঙ্গ তুলতে গিয়ে হ্যারিসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করেন, এবং হ্যারিসও আক্রমণাত্মকভাবে প্রতিক্রিয়া জানান।

হ্যারিস মূলত রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকা ভোটদাতাদের প্রভাবিত করতে চেয়েছেন। এক পর্যায়ে ব্রেট কথা বলতে গেলে হ্যারিস বলেন, ‘আগে আমাকে অভিবাসন নিয়ে প্রশ্নের জবাব শেষ করতে দিন।’

একবার উত্তেজিত অবস্থায় হ্যারিস বলেন, ‘এই আলাপচারিতা তথ্যের ভিত্তিতে হলে ভালো হয়।’

হ্যারিস বারবার ট্রাম্পকে আক্রমণ করার চেষ্টা করেছেন। যখন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করা হয়, তখন তিনি রিপাবলিকানদের দিকে দায় ঠেলে দেন। তিনি বলেন, ট্রাম্প সমস্যার সমাধান নয়, বরং সমস্যা তৈরিতে পারদর্শী।

সাক্ষাৎকারে হ্যারিস দাবি করেন, জো বাইডেন মানসিকভাবে সুস্থ। তিনি জানান, আগের প্রেসিডেন্টদের মতো তিনিও তার জীবনের অভিজ্ঞতা কাজে লাগাবেন এবং নতুন ধারণার রূপায়ণ করবেন। অন্যদিকে, অবৈধ অভিবাসী ইস্যুতে বাইডেন ও হ্যারিসের ব্যর্থতা নিয়ে ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা ‘স্বৈরাচারী ও ক্ষতিকর’।

ট্রাম্প দেশের ভেতরের শত্রুদের চীন ও রাশিয়ার চেয়ে বেশি বিপজ্জনক বলেও মন্তব্য করেন। তবে সিএনএনের এক জরিপে দেখা যায়, সম্ভাব্য ভোটারদের মধ্যে হ্যারিস ৫১ শতাংশ, আর ট্রাম্প ৪৮ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন। বিশেষজ্ঞদের মতে, মূল নির্বাচনের ফলাফল ছাড়া পরবর্তী প্রেসিডেন্ট কে হতে যাচ্ছেন তা বলা কঠিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *