হ-বাংলা নিউজ: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে ড. ইউনূসের সঙ্গে বৈঠকের সময় তিনি এ সমর্থন ব্যক্ত করেন। গুতেরেস বলেন, জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত।
অ্যান্তোনিও গুতেরেস উল্লেখ করেন, “জাতিসংঘের আবাসিক টিম আপনাকে সহায়তা করতে চায়,” এবং সম্প্রতি গৃহীত ‘প্যাক্ট অফ দ্য ফিউচার’ বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং প্রণোদনামূলক অর্থায়ন দেশটির জন্য বিশেষ সহায়ক হবে।
বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করে গুতেরেস বলেন, “তারা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস জুলাই-আগস্ট মাসের ছাত্র-জনতার গণআন্দোলনের কথা উল্লেখ করে বলেন, এই আন্দোলন শেখ হাসিনার স্বৈরাচারের অবসান ঘটায়। তিনি বলেন, “আমি এখানে উপস্থিত হতে পেরেছি কারণ তরুণরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে।”
বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের ১৭ কোটি মানুষের ওপর এর প্রভাব, রোহিঙ্গা সংকট, এবং জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান মিশনের বিষয়েও আলোচনা হয়।
