হ-বাংলা নিউজ:শনিবার নর্থ ক্যারোলিনার উইলমিংটনে অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিএনএনের প্রস্তাবিত বিতর্কটি প্রত্যাখ্যান করেন। ট্রাম্প জানান, বেশ কিছু রাজ্যে ইতোমধ্যেই আগাম ভোট শুরু হয়ে গেছে, তাই দ্বিতীয় বিতর্কের জন্য সময় বেশ দেরি হয়ে গেছে।
রোববার বিবিসি ও রয়টার্সের পৃথক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
শুক্রবার কমলা হ্যারিসের প্রচার শিবির জানায়, তিনি ২৩ অক্টোবর ট্রাম্পের সঙ্গে সিএনএনে বিতর্ক করতে সম্মতি জানিয়েছেন। কিন্তু এর কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প জানান, নির্বাচনের আগে তিনি আর কোনো বিতর্কে অংশ নেবেন না।
কমলার প্রচার শিবিরের চেয়ার জেন ও’ম্যালি ডিলন একটি বিবৃতিতে বলেন, “ভাইস প্রেসিডেন্ট কমলা ট্রাম্পের সঙ্গে একটি বিতর্ক করতে প্রস্তুত। সিএনএন তাকে ২৩ অক্টোবরের বিতর্কের জন্য আমন্ত্রণ জানিয়েছে, এবং তিনি তা গ্রহণ করেছেন। তবে ট্রাম্পের বিতর্কে রাজি হওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু ট্রাম্প এখনও তার অবস্থানে অটল রয়েছেন এবং ভোটারদের ৫ নভেম্বর ভোট দেওয়ার আগে আর কোনো বিতর্ক হবে না বলেও জানিয়েছেন।”
উইলমিংটনের সমাবেশে ট্রাম্প বলেন, “আরেকটি বিতর্কের জন্য সময় অনেক দেরি হয়ে গেছে। আগেই ভোট শুরু হয়ে গেছে।”
গত জুনে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রেক্ষাপটে ট্রাম্প ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বিতর্ক হয়, যেখানে ট্রাম্প বাইডেনকে কঠোর সমালোচনার মুখে ফেলেন। ফলে বাইডেন নির্বাচনী দৌড় থেকে সরে যেতে বাধ্য হন এবং ডেমোক্র্যাটদের নতুন প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনীত হন। ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় বিতর্কে ট্রাম্পের বিরুদ্ধে কমলার কড়া জবাব এবং বিভিন্ন জরিপে তার বিজয় পাওয়া যায়।
