হ-বাংলা নিউজ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সব ধরনের গণরুম প্রথা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। সভায় সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীও উপস্থিত ছিলেন।
সভায় ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু করার বিষয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। ক্লাস চালু সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রভোস্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ২০১৭-১৮ ভর্তি সেশনের এবং পূর্ববর্তী সেশনের যেসব শিক্ষার্থীর স্নাতকোত্তর পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, তাঁদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ত্যাগ করতে বলা হয়েছে। সভায় হলের গেমস রুমগুলোকে সহশিক্ষামূলক কার্যক্রমের জন্য উপযোগী করে তোলার সিদ্ধান্তও গৃহীত হয়।
