কানাডার নাগরিকেরা মদ্যপান বিপুল পরিমাণে কমিয়ে দিয়েছে। এ কারণে ওয়াইন ও বিয়ার বিক্রি সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে বলে দেশটির সরকারি এক প্রতিবেদনে জানা গেছে। দেশটির সরকারি ডেটা ক্রাঞ্চার স্ট্যাটিসটিকস কানাডা এ প্রতিবেদন প্রকাশ করেছে।
স্ট্যাটিসটিকস কানাডার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে ২০২১-২২ সালে জনপ্রতি বিয়ার বিক্রির পরিমাণ বিপুল পরিমাণে কমে গেছে। আর ওয়াইন বিক্রির পরিমাণ ১৯৪৯ সালের পর সবচেয়ে বড় ব্যবধানে কমে গেছে।
মদ্যপানের কঠোর নির্দেশিকা ও অ্যালকোহলে নতুন কর আরোপের কারণে এ ধরনের পরিবর্তন আরও আসবে বলে ধারণা করা হচ্ছে।তবে সামগ্রিকভাবে অ্যালকোহল বিক্রি কমলেও মুদ্রাস্ফীতির কারণে ক্রমবর্ধমান ব্যয় বেড়ে যাওয়ায় এর মোট বিক্রি ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। ২০২২ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরের পর থেকে এখন পর্যন্ত মদের দোকানসহ অন্য আউটলেটগুলো ২৬ দশমিক ১ বিলিয়ন ডলার মূল্যের মদ বিক্রি করেছে।
অ্যালকোহল শিল্পে এ ধরনের পরিবর্তন আরও আসবে বলে অনেকেই ধারণা করছে। টরন্টো স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল কানাডায় সব ধরনের বিয়ার, ওয়াইন ও স্পিরিটের ওপর ৬ দশমিক ৩ শতাংশ ফেডারেল কর বৃদ্ধি পাবে।
এ ছাড়া কানাডিয়ান সেন্টার অন সাবস্ট্যান্স ইউজ অ্যান্ড অ্যাডিকশন প্রকাশিত নতুন নির্দেশিকায় অ্যালকোহল গ্রহণের মাত্রা শূন্যে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে।
