সুব্রত চৌধুরী-
নিউ জার্সির আটলানটিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ১০ মে, রবিবার সিটির ৫৪৫, নর্থ আলবেনি অ্যাভিনিউয়ের বদর ফিল্ডে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে । সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন।
তিনি এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের জন্য বিএএসজে
কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ।
কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন গড়ে তোলার লক্ষ্যে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল বিএএসজে।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে নিউ ইয়র্ক ও নিউ জার্সির আটটি দল অংশগ্রহণ করে।
ক্রিকেট টুর্নামেন্টে নিউ জার্সির ওল্ড ব্রিজ ওয়ারিয়র্স ক্রিকেট দল নিউ ইয়র্ক এর ইয়াং ফাইটার্স ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।
টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান হিসেবে শাহরুস ও সেরা বোলার হিসেবে উমর হামিদ নির্বাচিত হয়েছেন ।
বিএএসজের কর্মকর্তারা বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ।
ক্রিকেটের চেতনাকে উদযাপন করতে বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য, নেতৃবৃন্দ এবং ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন ।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শাহ মাহমুদ,সদস্য সচিব রফিকুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্ট সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ।
