আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা অনুষ্ঠান  ৩০ মে, শনিবার 

সুব্রত চৌধুরী-

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়রের অভিষেক গালা অনুষ্ঠান আগামী ৩০ মে, শনিবার হার্ডরক ক‍্যাসিনোতে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ২০ এপ্রিল, সোমবার দুপুরে হার্ডরক ক‍্যাসিনোর ক‍্যাফেতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মেয়র মেয়র মার্টি স্মল সিনিয়র ঘোষণা দেন, এই অনুষ্ঠান শুধু জাঁকজমকপূর্ণ উদযাপনই নয়—বরং কমিউনিটির কল্যাণে এক শক্তিশালী উদ্যোগ হিসেবেও বিবেচিত হবে। তিনি অন্তত ৭৫০,০০০ ডলার তহবিল সংগ্রহের  লক্ষ্য নির্ধারণ করেছেন, যা স্থানীয় বিভিন্ন দাতব্য সংস্থা ও মানবকল্যাণমূলক কার্যক্রমে ব্যয় করা হবে।

অভিষেক গালার এই আয়োজনে প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে অবশিষ্ট প্রতিটি ডলার সরাসরি পৌঁছে যাবে স্থানীয় অলাভজনক সংস্থা ও কমিউনিটি সংগঠনগুলোর কাছে—যা এই আয়োজনকে আরও অর্থবহ করে তুলেছে। এসব সংস্থা মূলত যুবসমাজ, প্রবীণ নাগরিক, বহুজাতিক সাংস্কৃতিক কার্যক্রম এবং শিল্পকলার সঙ্গে যুক্ত।

সাংবাদিক সম্মেলনে মেয়র মেয়র মার্টি স্মল সিনিয়র সেসব   স্থানীয় অলাভজনক সংস্থার নাম প্রকাশ করেন যারা এই আয়ের অংশীদার হবেন। এর মধ্যে বাংলাদেশ কমিউনিটিও অন্তর্ভুক্ত।

সংবাদ সন্মেলনে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও কাউন্সিলর এট লারজ সোহেল আহমেদ বক্তব্য রাখেন।

তাঁরা মেয়রের অভিষেক গালা অনুষ্ঠান থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ বাংলাদেশ কমিউনিটির জন্য বরাদ্দ রাখায় মেয়র  মার্টি স্মল সিনিয়রকে আন্তরিক ধন্যবাদ জানান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধি,স্থানীয় অলাভজনক সংস্থার প্রতিনিধিরাসহ  কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *