আর্লিংটন, ভার্জিনিয়া — ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার ফ্লেভার ইউনাইটেড (Flavor United) রেস্টুরেন্টে সম্প্রতি এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএসএ (NCPDA USA) এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করে। বাংলাদেশি রাজনীতির বিভিন্ন ধারার শীর্ষ নেতৃত্ব, কূটনীতিক এবং কমিউনিটি নেতাদের এই মিলনমেলা ‘প্রতিহিংসামুক্ত ও সুস্থ রাজনীতির’ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- জনাব গোলাম মোর্তজা, প্রেস মিনিস্টার এবং জনাব মাহবুবুর রহমান, মিনিস্টার কনসুলার (বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি)।
- প্রকৌশলী হাফিজ খান সোহায়েল, সভাপতি, ওয়াশিংটন ডিসি বিএনপি ও বিশেষ সহকারী, বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটি।
- ড: নাকিবুর রহমান, আন্তর্জাতিক মুখপাত্র, জামায়াতে ইসলামী।
- ড: মির্জা গালিব, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হাওয়ার্ড ইউনিভার্সিটি।
- মেজর (অব:) শাফায়াত আহমদ এবং ফারজানা ক্লারা, ফাউন্ডার মেম্বার, ব্যান্ড (BAND)।
- আনিস আহমেদ, সভাপতি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন কমিউনিটি (BAC)।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএসএ’র নেতৃবৃন্দ নিরলস পরিশ্রম করেন, যাদের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক রিদওয়ান হোসেন অক্ষর, সিনিয়র যুগ্ম আহবায়ক মুনা হাফসা, পলিসি সচিব রেদওয়ান চৌধুরি, স্থানীয় সংগঠক আবেদ আব্দুল্লাহ, নির্বাহী সদস্য হাসান উল্লাহ সাদি এবং উপদেষ্টা ডা: মোসলেহ আহমেদ শাকিল।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে আহবায়ক রিদওয়ান হোসেন অক্ষর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের রাজনৈতিক মতভেদ আমাদের সম্পর্ক, কোনো বাধা নয়। পবিত্র রমজান মাসে আমরা সবাই এক টেবিলে বসার মাধ্যমে প্রমাণ করেছি যে, দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি।”
সুস্থ রাজনীতির ধারা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে পলিসি সচিব রেদোয়ান চৌধুরি বলেন, “আমাদের পার্থক্য মূলত নীতিতে, ব্যক্তিগত পর্যায়ে নয়। আমাদের উচিত একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা বজায় রেখে যুক্তি ও বিতর্ক করা। পারস্পরিক শ্রদ্ধা ও জবাবদিহিতাই রাষ্ট্রযন্ত্রকে আবার সঠিক পথে দাঁড় করাবে বলে আমি আশাবাদী।”
উপস্থিত অতিথিবৃন্দ এনসিপি-র এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। এনসিপি, বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যকার এই অভূতপূর্ব সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রাজনৈতিক অঙ্গনে এক স্বস্তিদায়ক বার্তার সঞ্চার করেছে। আয়োজক ও অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন যে, প্রবাসের এই ভ্রাতৃত্ববোধ যদি বাংলাদেশের মূলধারার রাজনীতিতেও প্রতিফলিত হয়, তবে দেশের আমূল পরিবর্তন সময়ের ব্যাপার মাত্র।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএসএ সম্পর্কে: এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ইউএসএ প্রবাসীদের ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে সম্মানজনক ও গঠনমূলক রাজনৈতিক চর্চা প্রসারে কাজ করে যাচ্ছে।
