সুব্রত চৌধুরী-
২৩ জানুয়ারি, শুক্রবার নিউ জার্সি স্টেটের এবসিকন সিটির
রাধাকৃষ্ণ মন্দিরে বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজা উদযাপিত হয়।
সরস্বতী পূজার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজার্চনা, অঞ্জলি, হাতেখড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
পূজা উপলক্ষে সকাল থেকেই মঙ্গলালোকে উদ্ভাসিত ধূপ-ধুনোর গন্ধে মাতোয়ারা ধরণীতে বেজে ওঠে শান্তির মোহনীয় সুর।
আটলান্টিক কাউনটিতে বসবাসরত সনাতন হিন্দু সম্প্রদায়ের লোকজন ওইদিন পুরোহিত সুভাষ চক্রবর্তীর পূজার্চনা শেষে দেবী সরস্বতীর পদচরণে অঞ্জলি ও পুস্পার্ঘ অর্পণ করে।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আন্না মিত্র, দীপংকর মিত্র, জয় গোপাল রায়।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রসাদ বিতরণের মাধ্যমে সরস্বতী পূজার দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।
