আটলান্টিক  সিটিতে বিএএসজের জমজমাট   ‘ঈদ বাজার’ 

সুব্রত চৌধুরী-

নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে ১০ ও ১১ মার্চ, মংগলবার ও বুধবার  ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি এই ‘ঈদ বাজার’ এর আয়োজন করেছিল।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে 

অনুষ্ঠিত এই ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাঁদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাঁদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ নারী-পুরুষ ও শিশুদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, অলংকার, খেলনা ইত্যাদি বিক্রি হয়েছে ।

ঈদ বাজারে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের কয়েকজন জানালেন, এই ঈদ বাজারে হাতের কাছে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক, অলংকারসহ নানা ধরনের পণ্য পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত ।

তাঁরা ঈদ বাজারের মতো এমন একটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

ঈদ বাজার প্রসঙ্গে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের  ছোঁয়া দিতেই তাদের এই প্রয়াস।

বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বলেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এই ঈদ বাজারে যে সাড়া পেয়েছেন, তা ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ বাজার আয়োজনের অনুপ্রেরণা জোগাচ্ছে।

বিএএসজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক ঈদ বাজার সফল  করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ।

বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি ঈদ বাজারে ঈদের কেনাকাটা করেন। বিক্রেতারাও বিক্রি বাট্টা ভালো হওয়ায় সন্তুষ্ট ।

ঈদ বাজার আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাকির হোসেন,প্রধান সমন্বয়ক মাহমুদ শাহ  ও প্রধান পৃষ্ঠপোষক রওশন উদ্দিন এর সর্বাত্মক প্রচেষ্টায় ঈদ বাজার এর সফল সমাপ্তি ঘটে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *