এবিএম সালেহ উদ্দীন-এর
‘দেশাত্ববোধ,মানবপ্রেম ও স্বকীয়তানির্ভর রচনা ‘
আলোচনাঃহাকিকুল ইসলাম খোকন
মাটি ও মানুষের টানে(প্রবন্ধ বিচিত্রা) এবিএম সালেহ উদ্দীনের তৃতীয় প্রবন্ধের বই ।
প্রবন্ধ লেখার প্রকৃত কৌশল রক্ষা করে যিনি সাহিত্যকর্মে সচল । আমাদের বাহিতজীবনের নানাবিধ সংকট এবং গতিমন্থরতার মধ্যেও যিনি সর্বদা শিল্প-সংস্কৃতি ও সাহিত্য কর্মে নিস্ত রয়েছেন ,তিনি হলেন কবি ও লেখক এবিএম সালেহ উদ্দীন ।
তাঁর রচিত অসংখ্য লেখার ভেতর থেকে বাছাইকৃত প্রবন্ধসমূহ নিয়ে এবার প্রকাশিত হলো ‘মাটি ও মানুষের টানে’।
অমর একুশে বইমেলা-২০২৬ উপলক্ষ্যে প্রকাশিত গ্রন্থটির পরতে পরতে লেখকের ভেতররার সংস্কৃতি মনস্কতা,দেশাত্ববোধ,শিল্প-সাহিত্যনির্ভর প্রবন্ধমালায় ফুটে উঠেছে । উল্লেখিত গ্রন্থটি মূলত লেখকের শিকড় সন্ধানী মনের একান্ত অনুভূতির বহিঃপ্রকাশ ।
শব্দবুননের অখন্ড নিজস্বতায় সমুজ্জ্বল গ্রন্থটিতে পাঠকের মনের খোরাক পাওয়া যাবে । উল্লেখিত বইয়ের প্রতিটি প্রবন্ধের বিষয়াবলী অনুসন্ধানীমূলক ও গবেষণাধর্মী । একথা নির্দ্ধিধায় বলা যায় যে, উক্ত (প্রবন্ধ বিচিত্রা-২) বইটির যথার্থতা ও প্রাসঙ্গিকতা পাঠকের জন্য উপজীব্য হবে এবং তাঁদেরকে উপকৃত করবে ।
ঐতিহ্যের নিরিখে সৃজনশৈলী, মননশীলতা,শিল্পবোধ ,সাহিত্যাদর্শ ,স্বাধীনতা,
দেশপ্রেম, মানবতাবোধ দর্শন,সমাজচিন্তা,রাজনীতি,রাষ্ট্রচিন্তা ও কর্মজীবনে বহুমুখি প্রতিভা এবং অনন্য বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিসৃত অবদানকারী ব্যক্তিদের প্রতি অকুন্ঠ শ্রদ্ধাবোধ এবং তাঁদের অবদান সম্পর্কে জ্ঞাত থাকা সত্বেও সময়ের ঘূর্ণায়নে অনেকেই সঠিক মূল্যায়নে ইচ্ছুক নন । এক্ষেত্রে লেখকের আবেগ,অনুভূতি অত্যন্ত স্পষ্ট ও সত্যগ্রাহী । এখানে কোন স্পর্শ কাতরতা ও গোঁজামিল নেই । নিজের বুদ্ধি-বিবেচনায় সত্যবোধই হচ্ছে তাঁর লেখার প্রধান বৈশিষ্ট্য ।
এবিএম সালেহ উদ্দীন রচিত এবারের গ্রন্থে—
‘মহান স্বাধীনতা দিবস ও কিছু বেদনার কথা,ধ্বংস মানুষের কাজ নয়,মহান বিজয় দিবস এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী,আরব্য সাহিত্যের সমৃদ্ধি এবং আরব্য রজনী,ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতা,দালাল সাংবাদিক এবং সুবিধাবাদীদের অবস্থান,স্মৃতির মণিকোঠায় চিত্তরঞ্জন সাহা,রবীন্দ্রনাথের ধর্মবোধ ও সাহিত্য মানস,নজরুল সাহিত্যে শ্রমিকের অধিকার,স্বাধীনতা দিবসের পটভূমি এবং আজকের প্রত্যাশা,বাংলার লোকসংস্কৃতি ও ভাওইয়া গানের ঐতিহ্য,মুক্তিযুদ্ধের পটভূমি ও স্বাধীনতা দিবসের অঙ্গীকার,শহীদ বুদ্ধিজীবী ও এবং আমাদের দায়,বৈশাখের স্মৃতি:ভাড়াক্রান্ত মন, শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান ফিলিস্তিন,
গাজায় গণহত্যা এবং পশ্চিমা বিশ্ব এবং ‘মাটি ও মানুষের টানে’—প্রবন্ধসমূহ স্থান পেয়েছে ।
‘প্রবন্ধ বিচিত্রা-২’ গ্রন্থে বাংলাদেশের শিল্প-সাহিত্যের হাজার বছরের ঐতিহ্য এবং ব্যক্তিত্বশীল মানুষের জীবনাচার ও বর্ণাঢ্য বিষয়াদি নিয়ে লেখক এবিএম সালেহ উদ্দীন অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন ।
প্রকাশিত গ্রন্থটির দীপ্তি নি:সন্দেহে আমাদের পশ্চাদপদ জনগোষ্ঠীকে আলোর পথ দেখাতে সহায়ক হবে ।
সমাজের নানারকম বৈপরীত্য নিয়ে বর্তমান সমাজে ইতিহাসে দেশ-মাতৃকা ও সাংস্কৃতিক ঐতিহ্যবোধ বিশ্লেষণের দিকে খুব একটা এগুতে দেখা যায় না । অনেকে জনজীবনের প্রাণশক্তির উন্মেষ ও বুদ্ধিবৃত্তির বিষয় সম্পর্কে ঔদাসিন্য প্রকাশ করেন । আস্তে আস্তে কেন যেন আমরা বড় মানুষদের অবদানের কথা ভুলে যেতে
বসেছি ।
বুদ্ধিবৃত্তির সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে , জাগ্রতচিত্তের মানুষের ভেতরকার অনৈক্য এবং দৃষ্টিভঙ্গির অসামনন্জস্যতার বহিঃপ্রকাশ । আবার অনেকে সমাজ ও রাষ্ট্রগত সুবিধার দিকে ঝুঁকে গিয়ে বুদ্ধিবৃত্তির আসল সত্তাকে আড়াল করে ফেলেন এবং অতীতের ঐতিহ্যগাঁথা ইতিহাসের দিকে ফিরে তাকাতে চান না !
এধরণের অমনোযোগিতা কারো কাম্য নয় ।
আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের দিক-দর্শনের আলোকে সমাজ,দেশপ্রেম ও দেশাত্মবোধক সংস্কৃতি সম্পর্কে আমরা বিস্মৃত থাকতে পারি না ।
কবি এবিএম সালেহ উদ্দীনের সদ্য প্রকাশিত’প্রবন্ধ বিচিত্রা-২’ বইটি
পাঠকের আশাবোধ শতভাগ আশা পূরণ করতে পারবে; তা নয় । তবে,এই বইটি প্রকাশের মধ্যদিয়ে আমাদের কৃতিমান মানুষদের সাংস্কৃতিক মূল্যবোধ ও জীবনের আদর্শ থেকে অনাগত প্রজন্ম এবং আমরা উপকৃত হতে
পারব । বইটি পড়ার মাধ্যমে আমাদের মনোজগতের
অরুদ্ধ দ্বার উন্মোচনের পথ কিছুটা হলেও খুলে যেতে পারে ।
সবদিক বিচার করলে নি:সন্দেহে বলা যায় যে, বইটির আবেদন কখনই ফুরাবে না এবং পাঠক উপকৃত হবেন ।
বইটি প্রকাশ করেছে ঢাকার প্রকাশনা সংস্থা হাওলাদার প্রকাশনী । ঢাকার জি জি আর্ট প্রেস থেকে উন্নতমানের কাগজে ঝকঝকে ছাপাকৃত গ্রন্থটির প্রচ্ছদ এঁকেছেন ,মোস্তাফিজ কারিগর । দামি কাগজের পুস্তানি ও টেকসই বাধাইকৃত বইটির মূল্যঃ ৪০০টা $২০ ডলার । বইটি অমর একুশে বইমেলা এবং নিউইয়র্ক বইমেলায় পাওয়া যাবে । এছাড়া রকমারি ডট কম থেকেও সংগ্রহ
করা যাবে ॥
লেখকঃহাকিকুল ইসলাম খোকন
সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এবং
সম্পাদক, বাপসনিউজ ।
